এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে কোন কেন্দ্রে তিনি যাবেন, তা গোপন রাখায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তাদের ভাষ্য, মন্ত্রী নিজেই জানেন কোথায় যাবেন, অন্য কাউকে তা জানানো হয়নি। এমনকি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিবও এ বিষয়ে কোনো তথ্য দেননি।
এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে নকলবিরোধী অভিযানের জন্য আলোচনায় আসেন এহছানুল হক মিলন। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশনায় হেলিকপ্টারে করে বিভিন্ন জেলায় আকস্মিকভাবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতেন তিনি।
দ্বিতীয় মেয়াদে শিক্ষামন্ত্রী হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘হেলিকপ্টার মিলন’ নামেও পরিচিতি পান। সম্প্রতি তিনি আবারও হেলিকপ্টারে করে আকস্মিক পরিদর্শনের ইঙ্গিত দিলেও নির্দিষ্ট কেন্দ্রের নাম প্রকাশ করেননি।
এদিকে, সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষায় ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডে দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।



