চলতি বছরের বর্ষাকাল কেটে যাওয়ার পর আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়।
নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ও পরিকল্পনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এই নির্বাচনগুলো একযোগে না হয়ে বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
মন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমিক এই নির্বাচনী প্রক্রিয়ায় সবার আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থাগুলোর ভোটগ্রহণ করা হবে।
একই সময়সীমার মধ্যে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের মোট ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও সম্পন্ন করা হবে বলে জাতীয় সংসদকে আশ্বস্ত করেন স্থানীয় সরকার মন্ত্রী।



