১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি প্রতিরোধে ডিসিদের সক্রিয় ভূমিকা চায় দুদক

দুর্নীতি প্রতিরোধে মাঠপর্যায়ে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসকদের (ডিসি) সক্রিয় সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে দুদকের নাম ভাঙিয়ে প্রতারণার ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে হটলাইন ১০৬-এ দ্রুত তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের এক অধিবেশন শেষে এ তথ্য জানান দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম।

তিনি বলেন, দুদকের চলমান কার্যক্রম, বিশেষ করে প্রতিরোধমূলক উদ্যোগ সম্পর্কে জেলা প্রশাসকদের অবহিত করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, গণশুনানি কার্যক্রম পরিচালনা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম জোরদারে ডিসিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেওয়া হয়েছে।

দুদক সচিব জানান, শিক্ষা প্রতিষ্ঠানে চালু থাকা ‘সততা স্টোর’ কার্যক্রম অনেক ক্ষেত্রে প্রত্যাশিতভাবে পরিচালিত হচ্ছে না। ডিসিরা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় এসব কার্যক্রম ঠিকভাবে চলছে কি না তা তদারকি করবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবেন-এমন প্রত্যাশা দুদকের।

তিনি আরও বলেন, সম্প্রতি দুদক বা সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার ঘটনা বেড়েছে। এ ধরনের পরিস্থিতিতে কেউ প্রতারণার শিকার হলে বা এমন কার্যক্রম সম্পর্কে জানলে তাৎক্ষণিকভাবে দুদকের হটলাইন ১০৬-এ জানানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি স্থানীয় দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করারও পরামর্শ দেওয়া হয়েছে।

দুদকের প্রতিকারমূলক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতির অভিযোগে মামলা, গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে সম্পদ জব্দসহ বিভিন্ন কার্যক্রমের পরিসংখ্যানও জেলা প্রশাসকদের সামনে তুলে ধরা হয়েছে।

কমিশনের চেয়ারম্যান ও কমিশনার না থাকা অবস্থায় কার্যক্রম পরিচালনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। নতুন অভিযোগগুলো যাচাই-বাছাই করে সংরক্ষণ করা হচ্ছে, যা কমিশন গঠনের পর বিধি অনুযায়ী তদন্তের জন্য উপস্থাপন করা হবে।