গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী ২০ জুন খুলনায় বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে দুপুর ২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন।
বিবৃতিতে বলা হয়, সমাবেশকে কেন্দ্র করে খুলনা বিভাগজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আয়োজকদের আশা, সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে।
এদিকে, সমাবেশ সফল করতে খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য।



