দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সৈয়দপুর বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া। তিনি জানান, আগের দিন সোমবার সকাল থেকেই বিমানবন্দর এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে।
জানা গেছে, সতর্কতার অংশ হিসেবে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়তি তৎপরতা শুরু করেছেন। বিমানবন্দরের ভেতর ও আশপাশে টহল বৃদ্ধি করা হয়েছে এবং প্রতিটি প্রবেশ ও বহির্গমন পথে কঠোর তল্লাশি চালানো হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত নির্দেশনা না এলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনার ভিত্তিতে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



