নাটোর জেলার গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মকর্তার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা তাকে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
শনিবার (২ মে) ভোররাতে উপজেলা চত্বরে অবস্থিত সরকারি কোয়ার্টারে উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানান, রাত আনুমানিক ৩টার দিকে মুখে কালো মাস্ক পরা তিনজনের একটি দল জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। ডাকাতরা তাকে জিম্মি করে বেঁধে ফেলে এবং তার স্ত্রীর গলা থেকে সোনার চেন, আংটি ও রুপার নূপুর নিয়ে যায়। এছাড়া ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও লুট করে।
ডাকাতির সময় পাশের কোয়ার্টারের বাসিন্দাদের বের হতে না দিতে তাদের কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেওয়া হয়। ডাকাতরা চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, উপজেলা পরিষদের প্রাচীরের পাশ থেকে লুট হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।



