মাগুরার মহম্মদপুরে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত টিসিবির ৪৩৪ কেজি চাল পাচারের সময় একটি ইজিবাইকসহ চাল জব্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার নাগড়া এলাকার হাটবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাগড়া বাজারের টিসিবির ডিলার বাবু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাবু উপকারভোগীদের মাঝে বিতরণের পরিবর্তে সরকারি বরাদ্দকৃত চাল গোপনে বিক্রি করেন। পরে ইজিবাইকে করে চাল অন্যত্র নেওয়ার সময় স্থানীয়রা সন্দেহ করে যানবাহনটি আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে।
একজন ক্রেতা জানান, তিনি বস্তা কিনতে গিয়ে ৩০ টাকা কেজি দরে চাল কিনেছিলেন, তবে এটি টিসিবির সরকারি চাল ছিল তা তিনি জানতেন না।
স্থানীয়দের অভিযোগ, ওই ডিলার দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য গোপনে বিক্রি করে আসছিলেন। তারা ডিলারের ডিলারশিপ বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযুক্ত ডিলার রফিকুল ইসলাম বাবু বলেন, তিনি গত মাসের জমাকৃত চাল বিক্রি করেছেন এবং অনেক উপকারভোগী চাল নিতে না আসায় তা বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



