১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে সোনার ভরি ২ লাখ ৩০ হাজার টাকা পার, বেড়েছে রুপার দামও

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকেই নতুন এই দাম দেশজুড়ে কার্যকর করা হয়েছে।

দাম বাড়ার পর এখন থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে গ্রাহকদের দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা গুনতে হবে। এর আগের দিনও এই মানের সোনার ভরি ছিল দুই লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

অন্যান্য মানের সোনার দামও সমানতালে বেড়েছে। নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৮ হাজার ৫৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকায়।

সোনার পাশাপাশি দেশের বাজারে সব ধরনের রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন নিয়ম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা।

একই সাথে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা করা হয়েছে।