সামাজিক মাধ্যমে জনপ্রিয় মুখ, কনটেন্ট ক্রিয়েটর ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিভারের জটিলতায় বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনে।
মেয়ের সুস্থতার জন্য সরকারসহ সবার কাছে সহায়তার আবেদন জানিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। তিনি বলেন, এখন তাদের একমাত্র চাওয়া কারিনা যেন সুস্থ হয়ে ফিরে আসে।
কায়সার হামিদ জানান, কারিনাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে ভিসা হাতে পেয়েছেন এবং চেন্নাই থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থাও করা হয়েছে।
তিনি বলেন, “হাসপাতালের বিল ও এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে আমাদের অনেক টাকার প্রয়োজন। আমি ও তার মা আমাদের কিছু ফিক্সড ডিপোজিট ভেঙেছি। পাশাপাশি একটি জমি বিক্রির বায়নাও করেছি।”
মেয়ের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই ফুটবলার। তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন কারিনা কায়সার। তবে নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণে অবহেলার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তিনি হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’-তে আক্রান্ত হন। গত শুক্রবার রাতে লিভার ফেইলিউর হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন।
এর আগেও কায়সার হামিদ জানিয়েছিলেন, মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে তিনি জমি বিক্রির চেষ্টা করছেন। তবে পুরো প্রক্রিয়ায় সময় লাগছে বলে উল্লেখ করেন তিনি।



