মৌলিক গানের প্রতি বিশেষ মনোযোগী তরুণ সংগীতশিল্পী অনন্যা আচার্য্য এবার কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খানের সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন।
‘তোমার কথা ভাবলেই’ শিরোনামের গানটির কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক। সম্প্রতি বাংলাদেশ বেতারের বাণিজ্যিক বিভাগে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
অনন্যা জানান, শেখ সাদী খানের সুরে এটি তার দ্বিতীয় গান। এই গুণী সংগীত পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, কাজের সময় স্যার খুবই মনোযোগী ও কঠোর থাকেন। রেকর্ডিংয়ের আগে তিনি গানটির সুর ও পরিবেশনার বিভিন্ন দিক বিস্তারিতভাবে বুঝিয়ে দেন, ফলে গানটি গাইতে তার তেমন অসুবিধা হয়নি।
তিনি আরও বলেন, শেখ সাদী খানের মতো একজন কিংবদন্তি শিল্পীর সামনে গান গাইতে গেলে তার মধ্যে স্বাভাবিকভাবেই ভয় কাজ করে। তবে রেকর্ডিং শেষে সুরকারের অভিব্যক্তি দেখে তার মনে হয়েছে, তিনি গানে সন্তুষ্ট হয়েছেন।
রেকর্ডিংয়ের ফাঁকে শেখ সাদী খান তাকে নিয়মিত রেওয়াজ করার এবং মৌলিক গানের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান অনন্যা। তার মতে, একজন শিল্পীর পরিচয় ও স্বাতন্ত্র্য মূলত মৌলিক গানের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়।
অনন্যা জানান, ‘তোমার কথা ভাবলেই’ শিগগিরই বাংলাদেশ বেতারে প্রচারিত হবে। এছাড়া আগামীকাল অনলাইনে প্রকাশ পাবে তার নতুন দ্বৈত গান ‘বন্ধু রে’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এইচপি সোহাগ।



