টেক্সটাইল শিল্পে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামীতে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সৌরশক্তি থেকে উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিকেএমইএ আয়োজিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং ও গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সিবিশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, শিল্পখাতে বিদ্যমান উচ্চ সুদের হার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে নতুন ব্যবসা সহজে গড়ে উঠতে পারে। একই সঙ্গে জ্বালানি খাতে বিদ্যমান ঘাটতির কথাও তুলে ধরে তিনি বলেন, বর্তমানে গার্মেন্টস খাতে প্রায় ৪ হাজার ৩০০ এমএমসিএফ গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে এর অনেক কম।
তিনি বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাড়াতে সীমাবদ্ধতা রয়েছে, কারণ দেশে বর্তমানে এফএসআরইউ রয়েছে মাত্র দুটি। এ সংখ্যা বাড়াতে জ্বালানি মন্ত্রণালয়ে আবেদন করা হবে।
বিনিয়োগ সহজ করতে লাইসেন্স প্রক্রিয়া সরলীকরণের কথাও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে একটি নতুন ব্যবসা শুরু করতে ২৫-২৬টি লাইসেন্স ও অনুমোদন লাগে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় বাধা। ভবিষ্যতে আবেদন করলেই দ্রুত প্রভিশনাল লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে।
এছাড়া ব্যবসায়ীদের আরেক ভোগান্তি ‘বন্ড’ প্রক্রিয়া সহজ করতে জাতীয় রাজস্ব বোর্ড উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
জ্বালানি নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, গ্যাস বা ডিজেলের সরবরাহ বন্ধ হলে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। এ লক্ষ্যে একটি বিশেষ স্কিমের আওতায় ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ’র কনভেনার ফজলে শামিম এহসান, ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্পেনসার লিন এবং সংগঠনের সভাপতি মো. হাতেমসহ সংশ্লিষ্টরা।



