দেশের অন্তত ২০টি জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (২ মে) ভোরে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, দিনের বাকি সময়েও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণও হতে পারে, যা কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
তবে তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



