১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে বিপুল সরকারি চাল জব্দ,গ্রেপ্তার ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি লাইসেন্স ছাড়াই মজুত রাখা বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে র‌্যাব-৭। এ ঘটনায় অবৈধভাবে সরকারি চাল বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে প্যাকেটজাত করে বাজারে বিক্রির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি আব্দুল আজিজ (২৮)। তিনি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বামুন সুন্দর দারোগাহাট এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত সীতাকুণ্ড থানার কদমরসুলপুর এলাকায় এ অভিযান চালানো হয়। র‌্যাব-৭ চট্টগ্রামের উদ্যোগে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র সরকারি লাইসেন্স ছাড়াই সরকারি চাল মজুত করে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করছে। পরে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠান থেকে মোট ৫ লাখ ৭৮ হাজার ৬০০ কেজি সরকারি চাল জব্দ করা হয়।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ ধারায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।