১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে শনিবার (১৬ মে) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এ ছাড়া এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নৌযান ও নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।