সৌদি আরবে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন ঘোষণায় বলা হয়েছে, দেশটিতে কর্মরত কর্মীরা হজ পালনের জন্য সর্বোচ্চ ১৫ দিনের বেতনসহ ছুটি পাবেন।
মন্ত্রণালয় জানায়, সৌদি শ্রম আইন অনুযায়ী কর্মীরা টানা ১০ থেকে ১৫ দিনের বেতনসহ ছুটি উপভোগ করতে পারবেন। এই ছুটির মধ্যে ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।
তবে এ সুবিধা পেতে কর্মীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অন্তত টানা দুই বছর কর্মরত থাকতে হবে। এছাড়া এই হজ ছুটি চাকরি জীবনে মাত্র একবারই পাওয়া যাবে এবং যারা আগে কখনো হজ পালন করেননি, তারাই এ সুযোগ পাবেন।
ঘোষণায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রয়োজনের ভিত্তিতে নিয়োগকর্তা নির্ধারণ করবেন প্রতি বছর কতজন কর্মী এই ছুটি পাবেন। অর্থাৎ অপারেশনাল প্রয়োজন বিবেচনায় ছুটির সংখ্যা নির্ধারণের ক্ষমতা কর্তৃপক্ষের হাতে থাকবে।
মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগের ফলে সৌদিতে কর্মরত মুসলিম কর্মীদের জন্য ধর্মীয় দায়িত্ব পালন সহজ হবে এবং তাদের শ্রম অধিকার আরও সুরক্ষিত হবে।



