১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে হজে কঠোর স্বাস্থ্য বিধিনিষেধ

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর শারীরিক ও মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তিরা এ বছর হজের অনুমতি (পারমিট) পাবেন না। একই সঙ্গে নির্ধারিত কিছু টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, হজের শারীরিকভাবে কষ্টসাধ্য আনুষ্ঠানিকতা নিরাপদে সম্পন্ন করার সক্ষমতা আছে-এমন ব্যক্তিরাই কেবল অংশ নিতে পারবেন। মূল উদ্দেশ্য হলো জনস্বাস্থ্য সুরক্ষা এবং সমবেত লাখো হজযাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা।

নতুন নির্দেশনা অনুযায়ী যেসব শারীরিক অবস্থায় হজ করা যাবে না, তার মধ্যে রয়েছে-কিডনির জটিলতা ও ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগী, গুরুতর হার্ট ফেইলিউর, লিভার সিরোসিস, জটিল মানসিক রোগ ও ডিমেনশিয়া, চরম বার্ধক্যজনিত দুর্বলতা এবং গর্ভাবস্থার শেষ তিন মাসে থাকা অন্তঃসত্ত্বা নারী।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সব হজযাত্রীকে হজের অন্তত ১০ দিন আগে মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে। পাশাপাশি উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের-বিশেষ করে বয়স্ক, দীর্ঘমেয়াদি রোগী ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য করোনা ও মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পূর্বে নেওয়া টিকার মেয়াদ শেষ হয়ে গেলে তা পুনরায় গ্রহণ করতে হবে। প্রতি বছরই বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এমন স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হয়, যাতে হজের সময় বড় ধরনের সংক্রমণ বা স্বাস্থ্যঝুঁকি এড়ানো যায়।