সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলারসের প্রধান শায়খ সালেহ আল-ফাওজান মুসলিম উম্মাহর প্রতি জিলহজ মাসের প্রথম ১০ দিন বেশি বেশি নেক আমল ও ইবাদত করার আহ্বান জানিয়েছেন।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এই বরকতময় দিনগুলোতে নামাজ, রোজা, দান-সদকা এবং আল্লাহর জিকিরে বেশি সময় ব্যয় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
গ্র্যান্ড মুফতি রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস উদ্ধৃত করে বলেন, জিলহজের প্রথম ১০ দিনের নেক আমল মহান আল্লাহর কাছে বছরের অন্য যেকোনো সময়ের আমলের তুলনায় অধিক প্রিয়।
তিনি বলেন, মুসলমানদের উচিত এই দিনগুলোতে ফরজ ইবাদত যথাযথভাবে পালনের পাশাপাশি নফল ইবাদতে মনোযোগী হওয়া এবং সব ধরনের গুনাহ থেকে বিরত থাকা। কারণ এই সময় আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ওপর বিশেষ রহমত ও বরকত নাজিল করেন।
আরাফার দিনের রোজার ফজিলত তুলে ধরে শায়খ সালেহ আল-ফাওজান বলেন, হজ পালনকারী ছাড়া অন্য মুসলমানদের জন্য এ দিনের রোজা অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। একটি সহিহ হাদিস অনুযায়ী, আরাফার দিনের রোজা বিগত এক বছর ও আগত এক বছরের গুনাহ মাফের কারণ হয়।
এছাড়া যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, তাদের উদ্দেশে গ্র্যান্ড মুফতি বলেন, জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে কোরবানি সম্পন্ন না হওয়া পর্যন্ত চুল, নখ বা শরীরের চামড়া না কাটা সুন্নাহর অন্তর্ভুক্ত। তিনি মুসলমানদের এ আমল অনুসরণের আহ্বান জানান।



