১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে বাংলাদেশ

টানা দুই জয়ে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিশ্চিত করার পর আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। ম্যাচ শুরু হবে বেলা ১১টায়।

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন আনা হয়েছে। দ্বিতীয় ম্যাচে চোট পাওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই সঙ্গে পেসার নাহিদ রানাকেও বিশ্রামে রাখা হয়েছে।

তাদের পরিবর্তে দলে ফিরেছেন শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম। মিরাজের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ একাদশে আছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান।

অস্ট্রেলিয়া একাদশে নেতৃত্ব দিচ্ছেন জশ ইংলিস। দলে রয়েছেন জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, অলি পিকে ও অ্যাডাম জাম্পা।