১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে হ্যাটট্রিক করে আর্জেন্টিনার জয়, বিদায়ের ইঙ্গিত মেসির কণ্ঠে হতাশা

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩–০ গোলের জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জেতেন আর্জেন্টাইন অধিনায়ক।

তবে ম্যাচ শেষে মেসি জানান, সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত কিছু জটিলতার কারণে মাঠের বাইরে তার সময়টা সহজ ছিল না।

ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য করেন। ৩৮ বছর বয়সী এই তারকা আগামী বিশ্বকাপে খেললে তার বয়স হবে ৪২ বছর-ফলে জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

স্কালোনি বলেন, “যেদিন সে ফুটবল ছাড়বে, আমরা সবাই তাকে খুব মিস করব।”

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে মেসি বলেন, প্রতিপক্ষ দলটি দ্রুতগতির ও আক্রমণাত্মক খেলায় দক্ষ হওয়ায় ম্যাচটি সহজ ছিল না। বল দখলে না রাখতে পারলে তারা বিপজ্জনক হয়ে উঠতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

মেসি আরও বলেন, প্রথমার্ধে কিছুটা কঠিন পরিস্থিতি থাকলেও দ্বিতীয়ার্ধে দল ভালোভাবে ঘুরে দাঁড়ায় এবং ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। বিশ্বকাপের শুরুটা সবসময়ই কঠিন হয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি যোগ করেন, এবারের বিশ্বকাপ অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কোনো দলই সহজে ছাড় দেবে না এবং সব দলই ভালোভাবে প্রস্তুত।