দেশের বেসরকারি খাতের অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও শক্ত অবস্থান ধরে রেখে ২০২৫ সালে রেকর্ড মুনাফা করেছে দেশের শীর্ষ বেসরকারি ব্যাংকগুলোর একটি ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি। আলোচ্য বছরে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ২ হাজার ২৫১ কোটি টাকা, যা আগের বছরের ১ হাজার ৪৩২ কোটি টাকার তুলনায় ৫৭ শতাংশ বেশি।
রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে এককভাবে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ১ হাজার ৫৮১ কোটি টাকা, যা ২০২৪ সালের ১ হাজার ২১৪ কোটি টাকার তুলনায় ৩০ শতাংশ বেশি। ধারাবাহিক প্রবৃদ্ধির এই ধারা ব্যাংকটির কার্যক্রমে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।
উচ্চ মুনাফার প্রভাবে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশও বাড়ানো হয়েছে। আলোচ্য বছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ১৫ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে পর্ষদ।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও গ্রাহকদের আস্থা ধরে রাখা, সুশাসন নিশ্চিত করা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় সতর্ক অবস্থান নেওয়ার ফলেই এ সাফল্য এসেছে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ বৃদ্ধি এবং গ্রাহককেন্দ্রিক নতুন সেবা চালুর মাধ্যমে আয় বাড়ানো ও বাজার সম্প্রসারণ সম্ভব হয়েছে। এসব উদ্যোগই শেষ পর্যন্ত মুনাফায় বড় উল্লম্ফন এনে দিয়েছে।



