১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে শততম ফিফটির মাইলফলকে বাবর আজম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলতে গিয়ে নতুন ইতিহাস গড়েছেন বাবর আজম। এই ম্যাচে ফিফটি করে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের শততম ফিফটি পূর্ণ করেন তিনি।

এর মাধ্যমে বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে এই কীর্তিতে নাম লেখালেন বাবর। তার আগে এই মাইলফলক স্পর্শ করেছেন ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি এবং জস বাটলার।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির তালিকায় শীর্ষে আছেন ডেভিড ওয়ার্নার (১১৬টি), দ্বিতীয় স্থানে বিরাট কোহলি (১০৭টি)। জস বাটলার ও বাবর আজম-দুজনেই এখন ১০০টি করে ফিফটি নিয়ে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন।

ম্যাচে প্রথমে ব্যাট করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে পেশোয়ার জালমি ওপেনিং জুটিতেই ভালো শুরু পায়। এরপর কুশল মেন্ডিস ২১ রান করেন। শেষ পর্যন্ত অ্যারন হার্ডি-র সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাবর আজম। তিনি ৭১ রানে অপরাজিত থাকেন।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে পেশোয়ার জালমি। ৭ ম্যাচে তারা সংগ্রহ করেছে সর্বোচ্চ ১৩ পয়েন্ট।