বেতন-ভাতা পরিশোধ এবং নো ক্লেইম বোনাস’সহ বিভিন্ন খাতের নামকরে ‘নিষিদ্ধ কমিশন’ প্রদান করছে সাধারণ বিমা কোম্পানি- এমন তথ্যের ভিত্তিতে নয় বিমা কোম্পানিতে পরিদর্শনের নেমেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
কোম্পানিগুলো হলো- প্রভাতি ইন্স্যুরেন্স পিএলসি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি, ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি, কর্ণফুলি ইন্সুরেন্স পিএলসি এবং প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।
মঙ্গলবার( ১৬ জুন) এক সংবাদ আইডিআরএ এ তথ্য জানিয়েছে আইডিআরএ।
এতে বলা হয়, ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত থাকার পরও বিভিন্ন নামে কমিশন প্রদানের অভিযোগের প্রেক্ষিতে নয়টি বিমা প্রতিষ্ঠান পরিদর্শনের করেছে আইডিআরএ।
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এর আবেদনের পরিপ্রেক্ষিতে ও নন লাইফ বিমা কোম্পানিগুলোর সম্মতিক্রমে ১ জানুয়ারি নন-লাইফ বিমা কোম্পানিগুলোর ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত করা হয়। এ সিদ্ধান্তের পরও কিছু বিমা কোম্পানি ব্যবসা সংগ্রহের উদ্দেশ্যে বেতন-ভাতা পরিশোধ, ‘নো ক্লেইম বোনাস’সহ বিভিন্ন খাতে কমিশন প্রদান অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে।
বিমা খাত সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কার্যক্রমের ফলে বাজারে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।
এ অবস্থায় অভিযোগের সত্যতা যাচাই এবং বিধি-বিধান প্রতিপালন পর্যবেক্ষণের লক্ষ্যে আইডিআরএ তিনটি পরিদর্শক কমিটি গঠন করেছে। গত ৪ জুন জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের জন্য পৃথক টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে আইডিআরএ সদস্য (সাধারণ বিমা) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, পরিদর্শন শেষে প্রতিবেদন কর্তৃপক্ষ গঠিত ভিজিলেন্স টিম-এ দাখিল করা হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


