১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন অবরোধ না উঠলে হরমুজ বন্ধ রাখার ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড।

শনিবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, হরমুজের দিকে জাহাজ নিয়ে আসা হলে তা শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচিত হবে এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করা জাহাজে হামলা চালানো হতে পারে।

এর আগে শুক্রবার ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি খুলে দিলেও যুক্তরাষ্ট্র তাদের অবরোধ অব্যাহত রাখে। এর প্রতিক্রিয়ায় শনিবার আবারও গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ করে দেয় তেহরান।

বিপ্লবী গার্ডের বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ তুলে নেয়নি। তাই অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

একই সঙ্গে পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত জাহাজগুলোকে সতর্ক করে বলা হয়েছে, তারা যেন নিজ নিজ অবস্থান থেকে না সরে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট বাঘের ঘালিবাফ মার্কিন অবরোধকে “অবিবেচনাপ্রসূত” আখ্যা দিয়ে বলেন, “ইরানের জাহাজ হরমুজ পার হতে না পারলে অন্য কোনো দেশের জাহাজও পার হতে পারবে না।”