দেশের অভ্যন্তরে এবং ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের প্রধান চারটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশজুড়ে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় বর্তমানে অধিকাংশ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পর্যবেক্ষণাধীন ১২৭টি নদী স্টেশনের মধ্যে ইতিমধ্যে ৮০টি পয়েন্টেই পানির সমতল বেড়েছে।
বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী শুক্রবার থেকে আরও বাড়তে পারে। সিলেট ও সুনামগঞ্জ জেলায় এই দুটি নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে, যার ফলে ওই এলাকার নিচু জমিগুলো পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে নদী দুটির পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটারের মধ্যে অবস্থান করছে।
একই সাথে নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর অঞ্চলের সোমেশ্বরী ও ভুগাই নদীর পানিও দ্রুত বাড়ছে। আগামী তিন দিন এই দুই নদীর পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোকে সাময়িকভাবে প্লাবিত করতে পারে।


