১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ বাংলাদেশি হাজি, চলছে ফিরতি ফ্লাইট

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিন অনুযায়ী, বাংলাদেশ সময় ১৮ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এসব ফ্লাইট পরিচালনা করেছে তিনটি নির্ধারিত বিমান সংস্থা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিস সূত্র জানায়, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪ হাজার ৩১৯ জন। অন্যদিকে বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফিরেছেন ৫৪ হাজার ৩২০ জন হাজি।

এদিকে চলতি বছরের হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫২ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। এর মধ্যে ১৬ জন হাসপাতালে ভর্তি ছিলেন।

হজযাত্রীদের সেবায় সৌদি আরবে স্থাপিত বাংলাদেশি মেডিকেল সেন্টারগুলো ৬৫ হাজার ৮৮৮ জনকে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করেছে। এছাড়া আইটি হেল্প ডেস্ক এবং মক্কা ও মদিনার সেবা কেন্দ্রগুলোর মাধ্যমে ২৮ হাজার ১৬৭ জন হাজিকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের হজযাত্রা শুরু হয় গত ১৭ এপ্রিল। ওই দিন রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। এরপর ২১ মে প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম শেষ হয়।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। হজ শেষে ৩০ মে থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এই ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।