১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে নেমেছে যুক্তরাষ্ট্র

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি থেকে ইরানের পেতে রাখা জলমাইন অপসারণে কাজ শুরু করেছে মার্কিন নৌবাহিনী। পুরো প্রণালিটি মাইনমুক্ত করতে প্রায় ৬ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে পেন্টাগন।

মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আর্মড সার্ভিস কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে পেন্টাগনের কর্মকর্তারা এই সময়সীমার কথা জানান। সংবাদ সংস্থা এএফপি এ তথ্য প্রকাশ করেছে।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর হরমুজ প্রণালির বিভিন্ন স্থানে একাধিক জলমাইন পেতে রাখে। ধারণা করা হচ্ছে, অন্তত এক ডজনের বেশি মাইন সেখানে রয়েছে। তবে মাইনগুলোর সুনির্দিষ্ট অবস্থানের কোনো নির্ভুল রেকর্ড না থাকায় সেগুলো শনাক্ত ও অপসারণ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালিটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এর নিরাপত্তা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাইন বিস্তারের কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহেও প্রভাব পড়ছে। পরিস্থিতি সামাল দিতে অবরোধ আরোপের পাশাপাশি দ্রুত মাইন অপসারণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।