১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিজিবিলিটি স্টাডি চলছে দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের

দেশে দ্বিতীয় পদ্মা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, বর্তমানে এই প্রকল্পগুলোর ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে পর্যালোচনা চলছে এবং বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীসহ দেশের সড়ক ব্যবস্থাপনা নিয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী এসব তথ্য নিশ্চিত করেন।

বর্তমানে দেশের ৪৯টি জেলা রেল যোগাযোগের আওতায় রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আরও ১০টি জেলায় রেললাইন সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নির্দেশনা বাস্তবায়নে শিগগিরই নতুন প্রকল্প নেওয়া হবে। এছাড়া ঢাকার আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ঢাকা-মানিকগঞ্জ রুটে কমিউটার ট্রেন চালুর বিষয়টিও সরকার চিন্তা করছে।

পদ্মা সেতুর রেললাইনের নিচের মাটি সরিয়ে নেওয়ার বিষয়ে চলমান আলোচনা প্রসঙ্গে মন্ত্রী জানান, বিষয়টি আসলে তেমন নয়। প্রয়োজনেই সাময়িকভাবে কিছু অতিরিক্ত মাটি সরানো হয়েছিল। তবে এখন সেখানে মাটি সরানো বন্ধ করে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থাপনায় পরিবর্তনের কথা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার জন্য উত্তরার একটি জায়গায় ৫০ বিঘা জমি অধিগ্রহণের চিন্তা করা হচ্ছে। সব বাস টার্মিনালই পর্যায়ক্রমে সরানো হবে, তবে তা রাতারাতি সম্ভব নয়। আপাতত অস্থায়ী ডিপোতে বাস রাখার ব্যবস্থা করা হবে এবং বাসগুলো শুধু যাত্রী তোলার সময় টার্মিনালে আসবে।

চীনের বিনিয়োগ ও প্রকল্পের বিষয়ে মন্ত্রী বলেন, রেলপথ, সড়ক ও নৌপথের উন্নয়নে চীনের পক্ষ থেকে অনেক প্রস্তাব রয়েছে এবং তারা বিনিয়োগ করতে আগ্রহী। যেসব প্রকল্পে চীনের আগ্রহ রয়েছে এবং যা বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে, সেগুলো নিয়ে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে আলোচনা হতে পারে। দেশের উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে উভয় দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে প্রকল্পগুলো গ্রহণ করা হবে।

আর্থিক সক্ষমতা, কারিগরি দক্ষতা এবং সামাজিক ও পরিবেশগত গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে সব প্রকল্প নির্ধারণ ও বাস্তবায়ন করা হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তবে ভারতের সাথে চলাচলকারী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।