১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ভাঙায় লংকাবাংলা সিকিউরিটিজকে বিএসইসির সতর্কবার্তা

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে শেয়ারবাজারের শীর্ষ ব্রোকারেজ হাউজ লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসিকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে ভবিষ্যতে সিকিউরিটিজ আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধান কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

বিএসইসি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সিকিউরিটিজ আইন ও মার্জিন রুলস ১৯৯৯-এর বিধি ৩(২) লঙ্ঘনের অভিযোগে আগেই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। পরবর্তীতে শুনানি অনুষ্ঠিত হলে লংকাবাংলা সিকিউরিটিজ ব্যাখ্যা ও কিছু নথিপত্র দাখিল করে।

শুনানিতে উপস্থাপিত নথিপত্র পর্যালোচনার পর কমিশন তাদের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করে। তবে জনস্বার্থ ও পুঁজিবাজারের শৃঙ্খলার বিষয়টি বিবেচনায় নিয়ে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

চিঠিতে বলা হয়, মার্জিন রুলস ও কমিশনের নির্দেশনা যথাযথভাবে পালন করতে লংকাবাংলা সিকিউরিটিজকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম বা ব্যর্থতা পাওয়া গেলে কঠোর এনফোর্সমেন্ট ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও উল্লেখ করা হয়, এই সিদ্ধান্তের মাধ্যমে প্রতিষ্ঠানটি কোনো ধরনের আইনগত দায় থেকে মুক্ত নয়। কোনো গ্রাহক বা সংশ্লিষ্ট পক্ষ ক্ষতিগ্রস্ত হলে আইন অনুযায়ী লংকাবাংলা সিকিউরিটিজকে দায় বহন করতে হবে।

তবে বিএসইসি স্পষ্ট করেছে, এই সতর্কতার মাধ্যমে কোনো আইনগত দায়মুক্তি দেওয়া হয়নি।

উল্লেখ্য, লংকাবাংলা সিকিউরিটিজ ডিএসইর ১৩২ নম্বর এবং সিএসইর ৯১ নম্বর ট্রেকহোল্ডার হিসেবে শেয়ারবাজারে কার্যক্রম পরিচালনা করছে।