বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান আবারও নিজের আত্মসম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালের বাইরে তাকে ঘিরে পাপারাজ্জিদের অতিরিক্ত ছবি তোলার চেষ্টা নিয়ে তিনি সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান।
ঘটনার সময় হাসপাতালের বাইরে সালমান খানকে দেখেই ছবি তুলতে ভিড় করেন পাপারাজ্জিরা। সংবেদনশীল ওই মুহূর্তে তাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা নিয়ে তিনি এটিকে ‘অমানবিক আচরণ’ বলে মন্তব্য করেন।
পরবর্তীতে ইঙ্গিতপূর্ণ এক বার্তায় তিনি লেখেন, তিনি সবসময় সংবাদমাধ্যমের পাশে থেকেছেন এবং তাদের কাজকে সম্মান করেছেন। তবে অন্যের ব্যক্তিগত দুঃখ-কষ্টকে ‘কনটেন্ট’ বানিয়ে ব্যবসা করার প্রবণতা তাকে গভীরভাবে আহত করেছে বলে জানান তিনি।
তিনি প্রশ্ন তোলেন, “কারও জীবনের চেয়ে কি একটা ছবি বেশি গুরুত্বপূর্ণ?” পাশাপাশি তিনি বলেন, ৬০ বছর বয়সে পৌঁছেও তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পিছপা হবেন না।
সালমান খানের এই মন্তব্যকে কেন্দ্র করে বলিউডে আবারও তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা ও মিডিয়ার আচরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।



