ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার দাম্পত্য জীবন নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি হর্ষ আলাদা বাসা ভাড়া নিয়ে থাকছেন-এমন খবরও প্রকাশ পেলে বিষয়টি আরও আলোচনায় আসে।
ভারতী-হর্ষ জুটি দীর্ঘদিন ধরে ভারতীয় বিনোদন জগতে অন্যতম জনপ্রিয় একটি দম্পতি হিসেবে পরিচিত। একসঙ্গে একাধিক রিয়্যালিটি শো সঞ্চালনা করে তারা দর্শকদের মন জয় করেছেন। ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি।
সম্প্রতি একটি টক শোতে হর্ষ লিম্বাচিয়া জানান, সন্তানদের কারণে ঘরের পরিবেশে সবসময় শব্দ ও ব্যস্ততা থাকায় কিছুটা শান্ত পরিবেশে কাজ ও বিশ্রামের জন্য তিনি আলাদা একটি বাসা ভাড়া নিয়েছেন। তার এই মন্তব্যের পর থেকেই দম্পতির বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়।
তবে এসব জল্পনা–কল্পনা উড়িয়ে দিয়েছেন ভারতী সিং। তিনি স্পষ্টভাবে জানান, তাদের মধ্যে কোনো ধরনের বিচ্ছেদ হচ্ছে না। ভারতীর ভাষায়, “আপনারা নিশ্চিন্তে থাকুন, আমাদের কোনো বিচ্ছেদ হচ্ছে না। আমাদের মৃত্যু যেদিন হবে, সেদিনই কেবল আমরা আলাদা হব।”
এর মাধ্যমে দাম্পত্য জীবনে বিভক্তির সব খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন এই জনপ্রিয় কমেডিয়ান।



