ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যায় শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, তারেক রেজা একটি মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “তার নামে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”
এর আগে শনিবার (২৩ মে) দুপুরে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সদস্য ও সাবেক সহ-সভাপতি এনামুল কবির একটি মামলা দায়ের করেন। মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। ঘটনার পরদিন থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করে এবং পরবর্তীতে মামলার সূত্র ধরে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।



