১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় দুই আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এই অর্থ ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকারীরা পাবেন বলে আদালত নির্দেশ দিয়েছেন।

রায়ে আরও বলা হয়েছে, নির্ধারিত ক্ষতিপূরণ পরিশোধ না করলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ ভিকটিমের উত্তরাধিকারীদের দিতে হবে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।

আলোচিত এ ঘটনায় গত ১৯ মে পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। পরদিন ভিকটিমের বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ঘটনার মাত্র চার দিনের মাথায় অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

মামলায় মোট ১৮ জনকে সাক্ষী করা হয়। গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে দ্রুত সম্পন্ন হয় এবং ৪ জুন যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন ধার্য করা হয়।

ঘটনার মাত্র ১৯ দিনের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে রায় ঘোষণা হওয়ায় এটি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হওয়া আলোচিত মামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।