জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের (ইকোসক) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৬ জুন) সকালে তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১৭ থেকে ১৯ জুন নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ইকোসকের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কর্মসূচি শেষে আগামী ২০ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
এবারের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ, যিনি বর্তমানে এই সেগমেন্টের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইকোসকের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট বিশ্বব্যাপী মানবিক সংকট, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ সহায়তা সমন্বয়ের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। প্রতি বছর এতে সদস্য রাষ্ট্র, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং দাতা দেশগুলো অংশ নিয়ে মানবিক সহায়তা জোরদার ও সমন্বয় নিয়ে আলোচনা করে।
এবারের আলোচনায় বৈশ্বিক মানবিক সংকট মোকাবিলা, আন্তর্জাতিক মানবিক আইন বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তনের মানবিক প্রভাব এবং জরুরি সহায়তা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।
এই সেগমেন্টে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি মানবিক সহায়তাকারী সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক এবং সংকটপ্রবণ অঞ্চলের প্রতিনিধিরাও অংশ নেবেন।



