বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে জামায়াতকে সরকার গঠনের সুযোগ দিলে দেশে বাক-স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে দলটি।
মঙ্গলবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, সংবাদপত্রের উৎকর্ষ সাধন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় মতপ্রকাশের স্বাধীনতা রক্ষাকে তারা গুরুত্বপূর্ণ বলে মনে করে।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন সরকার চারটি সংবাদপত্র ছাড়া দেশের বাকি সব সংবাদপত্র বন্ধ করে দেয়, যা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর বড় আঘাত ছিল। এর ফলে বহু সাংবাদিক ও সংবাদকর্মী কর্মহীন হয়ে পড়েন এবং তাদের পরিবার চরম দুর্ভোগের মুখে পড়ে।
বিবৃতিতে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ২০০৯ সালের পর বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যম বন্ধ করা হয়েছে, যার কারণে অনেক সংবাদকর্মী চাকরি হারিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের কণ্ঠরোধ করতে ডিজিটাল নিরাপত্তা আইন এবং পরবর্তীতে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিতর্কিত কিছু ধারা বাতিল করা এবং বন্ধ গণমাধ্যমগুলোর সম্প্রচারের অনুমতি দেওয়ার পদক্ষেপ ইতিবাচক হিসেবে বিবেচিত হয়েছে।
সংবাদপত্রকে রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।



