প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ২০২৬ সালের উপবৃত্তি কার্যক্রমে নবম ও একাদশ বা সমমান শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি শুরু হচ্ছে সোমবার (৮ জুন) থেকে। উপবৃত্তির জন্য যোগ্য শিক্ষার্থীদের তথ্য আগামী ১৩ জুন রাত ১০টার মধ্যে সফটওয়্যারে এন্ট্রি করে উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
রোববার (৭ জুন) স্কিম পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সংশোধিত ম্যানুয়াল অনুযায়ী শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং সুপারিশযোগ্য তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে একাদশ বা সমমান শ্রেণির তথ্য এন্ট্রিতে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুনরায় তথ্য এন্ট্রির সুযোগ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালে ভর্তিকৃত নবম শ্রেণি ও নবম মাদ্রাসা (বিশেষ ক্ষেত্রে) এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ বা সমমান শ্রেণির শিক্ষার্থীদের তথ্য ৮ থেকে ১৩ জুনের মধ্যে নির্ভুলভাবে সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। এরপর নির্ধারিত ‘ইউএসইও-তে পাঠান’ অপশন ব্যবহার করে উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নবম শ্রেণির ক্ষেত্রে শুধুমাত্র সেই শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, যারা উপবৃত্তি কর্মসূচির আওতাবহির্ভূত কোনো প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস করে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে।
নির্ধারিত সময় শেষে ১৩ জুন রাত ১০টায় তথ্য এন্ট্রি ও প্রেরণের সুযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
এদিকে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের উপদেষ্টা কমিটির সভার মাধ্যমে আবেদন যাচাই-বাছাই করে সুপারিশকৃত শিক্ষার্থীদের তথ্য আগামী ১৪ জুনের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।



