১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য খাতে ১ লাখ নতুন নিয়োগ, ৮০ শতাংশ পদে নারীদের অগ্রাধিকার

দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু করেছে সরকার। এ নিয়োগে নারী ক্ষমতায়ন ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে ৮০ শতাংশ পদে নারীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদ পূরণের লক্ষ্যে দ্রুত ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি জানান, আন্তর্জাতিক মানের দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তুলতে নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার সুযোগ আরও বাড়ানো হবে।

স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে জনবল বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নারী অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়।

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে।