ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যম কমিশন গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ সভার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, সবাই মিলে কার্যকরভাবে কোয়াসি-জুডিশিয়াল ক্ষমতাসম্পন্ন একটি গণমাধ্যম কমিশন গঠন করা গেলে সেটিই হবে ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান।
তিনি বলেন, বর্তমানে সংবাদপত্রের সংকট ও সাংবাদিকতা পেশার সমস্যা একসূত্রে গাঁথা হয়ে গেছে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ না থাকলেও সাংবাদিকদের প্রত্যাশিত সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত তৃপ্তি নিশ্চিত হয়নি।
মন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ লক্ষ্যে সরকার কাজ করছে এবং আগামী ১৮ জুন জাতীয় কর্মপরিকল্পনার খসড়া প্রণয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, গণমাধ্যমের পাশাপাশি সিটিজেন জার্নালিজমের বাস্তবতাও অস্বীকার করা যাবে না। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এ খাতকে কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, যেসব গণমাধ্যম নিজেদের শিল্পপ্রতিষ্ঠান হিসেবে দাবি করবে, তাদের অবশ্যই আইন মেনে কর্মীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকে কেবল মুনাফাভিত্তিক নয়, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।



