রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। একই ঘটনার পর প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন নিজ পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশন কোম্পানি অ্যাফেয়ার্স-এর পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি আলো-বাতাস চলাচল ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থা উন্নত করতে তিনজন স্বাধীন পরামর্শকের তত্ত্বাবধানে কাজ চলছে। হাসপাতালের করপোরেট অফিসের উপরে থাকা একটি বেকারিও বন্ধ করা হয়েছে।
এতে আরও জানানো হয়, হাসপাতালের নির্বাহী পরিচালক পদ থেকে ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। তার স্থলে পরিচালনা পর্ষদ দায়িত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জামালুন্নেসাকে।
উল্লেখ্য, অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি ১৯৮৮ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে মাস্টার্স সম্পন্ন করেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি অর্জন করেন।
এর আগে সংবাদ সম্মেলনে ডা. শেখ মহিউদ্দিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনেও শিশু মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ নেই এবং ময়নাতদন্ত না হওয়ায় প্রকৃত কারণ জানা যায়নি। তিনি আরও দাবি করেন, লাইসেন্স বাতিলের পেছনে দুর্নীতির অভিযোগ সঠিক নয়।



