১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে আটক বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ প্রস্তাব পাঠাল দুদক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে ইংরেজি ও আরবি ভাষায় প্রস্তুত করা প্রত্যর্পণ প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত কর্মকর্তাসহ দুদকের একটি বিশেষ টিম ইংরেজি ও আরবি ভাষায় প্রস্তুত করা প্রত্যর্পণ সংক্রান্ত নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হবে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতও নেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, বিদেশে কোনো আসামি গ্রেপ্তার হলে তাকে দেশে ফিরিয়ে আনতে গ্রেপ্তারি পরোয়ানা, মামলার এজাহার, অভিযোগপত্র ও অপরাধের বিস্তারিত বিবরণসহ প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট দেশের কাছে পাঠাতে হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর নথি প্রস্তুত করা হয়েছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানায় যে, দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। একই সঙ্গে তাকে প্রত্যর্পণের জন্য ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে প্রয়োজনীয় আবেদন ও নথিপত্র পাঠানোর অনুরোধ জানানো হয়।

দুদকের তথ্যমতে, বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, পাসপোর্ট জালিয়াতি এবং অর্থপাচারসহ একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে। এর মধ্যে অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়।

দুদকের অনুসন্ধানে বেনজীর আহমেদ ঘোষণাবহির্ভূত বিপুল পরিমাণ সম্পদের তথ্য গোপন করেছেন এবং উল্লেখযোগ্য পরিমাণ সম্পদের বৈধ উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার ও পরিবারের বিরুদ্ধে কয়েকটি দুর্নীতির মামলার তদন্তও চলছে।

গত ১৪ জুন সংসদে দেওয়া এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে এবং বর্তমানে তিনি সেখানে আটক রয়েছেন।

এদিকে, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে সরকারের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।