দেশের সব উপজেলা পরিষদ কার্যালয়ের অভ্যন্তরে সংসদ সদস্যদের (এমপি) জন্য একটি পরিদর্শন কক্ষ নির্মাণে ইতোমধ্যে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।
সংসদের প্রশ্নোত্তরে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার জানতে চেয়েছিলেন, দেশের সব সংসদ সদস্যদের দাফতরিক যোগাযোগের জন্য উপজেলা পরিষদের ভেতরে পৃথক কার্যালয় নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে।
জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ সরকারের সব ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য উপজেলা পরিষদের ভেতরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই উদ্দেশ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
এর আগে গত ৩১ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান নিজ নিজ নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছিলেন।
পরবর্তীতে গত ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে জানান যে, জাতীয় সংসদের সদস্যদের জন্য নিজ নিজ নির্বাচনী এলাকার উপজেলা পরিষদে বসার জায়গা করে দিচ্ছে সরকার। এই তথ্য প্রকাশের পর ওই দিনই জাতীয় সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি না দিয়ে তার পরিবর্তে উপজেলায় সংসদ সদস্যদের অফিস নিশ্চিত করার দাবি জানিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ।



