১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করলো ডিএমপি

পবিত্র আশুরা উদযাপন ও ঐতিহাসিক তাজিয়া মিছিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৬ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এই নির্দেশনা দেন। আগামী ২৬ জুন পবিত্র আশুরার শোক মিছিলের কর্মসূচি নিরাপদ রাখার উদ্দেশ্যে তার সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ডিএমপি কমিশনার বলেন, পবিত্র আশুরার সব কর্মসূচি নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হবে। নিরাপত্তা নিশ্চিত করতেই মিছিলে যেকোনো ধরণের ধারালো অস্ত্র, লাঠি ও আতশবাজি বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে তিনি জানান, পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ার পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ডগ স্কোয়াড ও ম্যানুয়ালি সুইপিং করা হবে। একই সাথে অনুষ্ঠানস্থলের প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা থাকবে। কর্মসূচিতে পোশাকধারী পুলিশের পাশাপাশি পর্যাপ্ত সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে।

সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আশুরার সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় আয়োজক কমিটির প্রতিনিধি ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ মতামত প্রকাশ করেন।