মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। এখন সবার অপেক্ষা প্রধানমন্ত্রীর আগমনের জন্য।
আজ বুধবার (১৭ জুন) দুপুর ১টায় শ্রীমঙ্গলে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।
বাস, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনে করে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ সমাবেশে যোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ও অসুস্থ রোগীদের মধ্যে সহায়তার চেক বিতরণ করা হবে। অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে জড়ো হয়েছেন। রঙিন ও ঐতিহ্যবাহী পোশাক পরে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন।
মাঠের একপাশে ফ্যামিলি কার্ড ও অন্যান্য সহায়তার উপকারভোগীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। অনেকেই সকাল থেকেই মাঠে অবস্থান করছেন, যাতে কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখতে পারেন।
সমাবেশে আসা শাহান আলী মুসা বলেন, তিনি সকাল ৯টার দিকে মাঠে এসেছেন শুধু প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য। তাঁর মতে, চায়ের দেশ শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং হাজার হাজার মানুষ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গল শহরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গলজুড়ে উৎসব, উদ্দীপনা ও প্রত্যাশার আবহ তৈরি হয়েছে। এখন সকলের দৃষ্টি প্রধানমন্ত্রীর আগমন এবং তাঁর ঘোষণাগুলোর দিকে।



