সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা লঙ্ঘন ও অসদাচরণের অভিযোগে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে শিক্ষা মন্ত্রণালয়। মামলার অংশ হিসেবে আগামী ২২ জুন ব্যক্তিগত শুনানির জন্য তাকে তলব করা হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-১ থেকে জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে। গত ১১ জুন স্মারকটি জারি হলেও বুধবার (১৭ জুন) বিষয়টি প্রকাশ্যে আসে।
স্মারকে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩-এর উপবিধি (খ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এ কারণে আগামী সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের দপ্তরে উপস্থিত হয়ে তাকে নিজের বক্তব্য উপস্থাপন করতে হবে।
জানা গেছে, মো. জহিরুল ইসলাম বর্তমানে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ এবং প্রকিউরিং এনটিটি (ক্রয়কারী) হিসেবে দায়িত্বে ছিলেন।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৬২২ নম্বর কক্ষে এ শুনানি অনুষ্ঠিত হবে।
শুনানি কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে একজন উপযুক্ত প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তার সচিবালয়ে প্রবেশ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখায়ও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যক্তিগত শুনানিতে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য গ্রহণের পর পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।



