১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবি, ৫ দফা প্রস্তাব স্টিল মালিকদের

স্টিল শিল্পের ওপর প্রস্তাবিত অতিরিক্ত ভ্যাট, শুল্ক ও কর অবিলম্বে পুনর্বিবেচনা করে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)। একই সঙ্গে খাতটির জন্য মোট ৫ দফা দাবি উত্থাপন করেছে সংগঠনটি।

বুধবার (১৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সংগঠনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- স্থানীয় স্ক্র্যাপের ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার, ফেরো-অ্যালয়, রিফ্যাক্টরি সামগ্রী, স্পেয়ার পার্টস ও কাঁচামালের ওপর অতিরিক্ত কর ও শুল্ক পুনর্বিবেচনা, টার্নওভার ট্যাক্স ১ শতাংশের পরিবর্তে পূর্বের মতো ০.৬ শতাংশ নির্ধারণ এবং উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিল্পখাতে চাহিদা সৃষ্টি করা।

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি বলেন, দেশের স্টিল শিল্পকে শক্তিশালী করতে পারলেই রাজস্ব বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এ খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, চলতি বাজেটে ব্যবসা ও বিনিয়োগবান্ধব কিছু পদক্ষেপ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানায় স্টিল খাত। এর মধ্যে ন্যূনতম করসংক্রান্ত বিধান বাতিল, কর আপিল ও রেফারেন্সের ক্ষেত্রে অগ্রিম কর কমানো, বিদেশি ঋণের সুদের ওপর উৎসে কর হ্রাস এবং বিদ্যুৎ বিলের ওপর উৎসে কর কমানোকে ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়।

তবে নতুন করে ভ্যাট, শুল্ক ও কর বৃদ্ধির কারণে খাতটি চাপে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, দেশে বার্ষিক স্টিলের চাহিদা প্রায় ৫০ লাখ মেট্রিক টন হলেও উৎপাদন সক্ষমতা ১ কোটি টনের বেশি। ফলে অধিকাংশ কারখানা অর্ধেকেরও কম সক্ষমতায় চলছে।

তিনি জানান, বিদ্যুৎ মূল্য বৃদ্ধিসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় প্রতি মেট্রিক টন স্টিল উৎপাদনে অতিরিক্ত ১১ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ব্যয় বাড়তে পারে, যা শিল্পের জন্য বড় চাপ তৈরি করবে।

সংগঠনটির নেতারা বলেন, রাজস্ব বাড়ানোর সবচেয়ে কার্যকর পথ হলো শিল্প উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধি। উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে স্টিলের চাহিদা বাড়বে, কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় ফিরবে এবং সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।