১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মস্কোজয়ী ‘মাস্তুল’ এবার দেশের প্রেক্ষাগৃহে, শুরু হলো প্রচারণা

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সাফল্য পাওয়ার পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মোহাম্মদ নূরুজ্জামানের চলচ্চিত্র ‘মাস্তুল’। ছবিটি ১৭ জুলাই দেশের সিনেমা হলে মুক্তি পাবে। মুক্তির খবর জানার পর থেকেই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা।

সম্প্রতি ছবিটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারটি ডিজাইন করেছেন ধ্রুব এষ। নির্মাতারা আশা করছেন, আন্তর্জাতিক স্বীকৃতির পর এবার দেশীয় দর্শকরাও ছবিটি নিয়ে আগ্রহ দেখাবেন।

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানিয়েছেন, বছরের শুরুতেই ছবিটি মুক্তির পরিকল্পনা ছিল। সব প্রস্তুতিও প্রায় শেষ ছিল, এমনকি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকেও আগেই প্রদর্শনের অনুমতি নেওয়া হয়েছিল। তবে কিছু বাস্তব কারণে মুক্তি কিছুটা পিছিয়ে যায়। এখন সব প্রস্তুতি শেষ করে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার তীর থেকে শুরু হওয়া এই গল্প এবার দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে আসছে। নদী, জাহাজ এবং বন্দরের বাস্তব জীবনের আড়ালে থাকা এক ভিন্ন জগত এই ছবিতে তুলে ধরা হয়েছে।

‘মাস্তুল’ অংশ নিয়েছিল ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। সেখানে ছবিটি পেয়েছিল ‘স্পেশাল মেনশন’ পুরস্কার। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ছবিটি পুরস্কৃত হয়েছে।

ছবির গল্প আবর্তিত হয়েছে একটি তেলবাহী জাহাজের বৃদ্ধ রাঁধুনি মকবুল এবং বন্দর এলাকার এক পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের মাধ্যমে ফুটে উঠেছে নদী ও বন্দরের ভাসমান মানুষের জীবন, বিচ্ছিন্নতা, স্নেহ, ক্ষমতার টানাপোড়েন এবং টিকে থাকার সংগ্রাম।

ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন, সিফাত বন্যাসহ আরও অনেকে।

চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান। শিল্প নির্দেশনায় ছিলেন হুসনাইন লিঙ্কন এবং সংগীত পরিচালনায় চৈতন্য রাজবংশী। প্রযোজনা করেছে সিনেমাকার এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় রয়েছে টঙঘর টকিজ।