১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লাইসেন্স না থাকায় চট্টগ্রামে তিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ

স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় চট্টগ্রাম নগরের তিনটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এবং সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের যৌথ পরিদর্শনের সময় এ নির্দেশ দেওয়া হয়।

বন্ধের নির্দেশ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন, বায়ো ল্যাব ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং হেলথ আইকন ল্যাব অ্যান্ড কনসালটেশন পয়েন্ট।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, পরিদর্শনের সময় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বৈধ লাইসেন্স না থাকায় এসব প্রতিষ্ঠানকে লাইসেন্স পাওয়া পর্যন্ত সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এসব প্রতিষ্ঠানে চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বার পরিচালনা করতে পারবেন। তবে লাইসেন্স ছাড়া নতুন কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘আবেদিত’ অবস্থায় কার্যক্রম চালাতে পারবে না।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরের হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত পরিদর্শন চলছে। পরিদর্শনে অনিয়ম ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।