১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ব্রিটিশ হাইকমিশনার আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের সময়ে দুই দেশের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সাক্ষাৎকালে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ কার্যক্রমে ব্রিটিশ সরকারের সহায়তার প্রস্তাব তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সহযোগিতা দেশের দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। উভয় পক্ষই মনে করেন, নতুন বিনিয়োগ দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।

এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর বাংলাদেশের বিমান পরিবহন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার। তিনি এ খাতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়েও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।