ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে তাদেরও অন্য সবার মতোই শান্তি প্রক্রিয়া মেনে চলতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একটি সংবাদ সম্মেলনে তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং ইসরায়েল নীতি নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থান পরিষ্কার করেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের কথা উল্লেখ করে ভ্যান্স বলেন, যখনই কোনো চুক্তির মাধ্যমে একটি বড় সাফল্যের সম্ভাবনা তৈরি হয়, ঠিক তখনই বৈরুতের বেসামরিক জনবহুল এলাকায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।
ভাইস প্রেসিডেন্ট আরও জানান, তিনি ইসরায়েলের সঙ্গে আরও নিবিড় সমন্বয় চান। একই সাথে তিনি এমন একটি আঞ্চলিক কাঠামো গড়ে তোলার পক্ষে মত দেন, যা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে অর্থ পৌঁছানোর পথ বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পই বর্তমান বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান, যিনি এই মুহূর্তে ইসরায়েল রাষ্ট্রের প্রতি সবচেয়ে বেশি সহানুভূতিশীল।
এর আগে গত বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বহুল আলোচিত সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। ১৪ দফার এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো কিছু জটিল বিষয় পরবর্তী আলোচনার জন্য তুলে রাখা হয়েছে। তবে এই চুক্তির আওতায় ইরানকে বিপুল আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যার মধ্যে আটকে থাকা অর্থ ছেড়ে দেওয়া এবং বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।


