১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, মিড-ডে মিল ও ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচির ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি জানান, দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহ করা হবে। পাশাপাশি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে বিশেষ প্রযুক্তি ও শিক্ষাসামগ্রী প্রদান করা হবে।

শিক্ষার্থীদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচি চালুর পাশাপাশি তা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া ছাত্রী ও শিক্ষিকাদের জন্য স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা সুবিধা আরও জোরদার করা হবে।

অর্থমন্ত্রী বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণ করা হবে।

এ ছাড়া শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ বৃদ্ধি, অ্যাপ্রেন্টিসশিপ ও ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ এবং স্টার্টআপ কার্যক্রমের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগও নেওয়া হবে।