১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন নরেন্দ্র মোদি

স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (প্রথম শ্রেণি)’ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রাজধানী ব্রাতিস্লাভায় দেশটির প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি তাকে এই সম্মাননা প্রদান করেন।

এটি প্রধানমন্ত্রী মোদির ৩৩তম আন্তর্জাতিক রাষ্ট্রীয় সম্মাননা বলে জানা গেছে। ইউরোপ সফরের অংশ হিসেবে ১৫ জুন তিনি নয়াদিল্লি ত্যাগ করেন এবং সফরের প্রথম দেশ হিসেবে স্লোভাকিয়াকে বেছে নেন।

১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়া বিভক্ত হয়ে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সেই পর থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্লোভাকিয়ায় প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদির এই সফর অনুষ্ঠিত হলো।

সম্মাননা গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, এই সম্মান পেয়ে তিনি গভীরভাবে সম্মানিত বোধ করছেন এবং স্লোভাকিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই পুরস্কার ভারত ও স্লোভাকিয়ার দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতি উৎসর্গ করেন।

স্লোভাকিয়ার এই ‘অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস’ দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, যা সাধারণত বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের প্রদান করা হয়।

মোদির সফরকালে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যে মোট ১১টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে।